জনপ্রিয় তথ্যচিত্র ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর একটি পর্বে বিয়ার গ্রিলসের সঙ্গী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে তারা কবে ও কখন শুটিং করেছেন- ডিসকভারি চ্যানেলেন কাছে জানতে চেয়েছে কংগ্রেস।
বার্তা সংস্থা পিটিআই জানায়, এ ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে সোমবার চিঠি দেওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষকে।
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর টিজার ওই দিন প্রকাশ হয়। পৌনে এক মিনিটের ভিডিওতে দেখা যায়, হাতে ফ্লাস্ক নিয়ে ব্রিটিশ অভিযাত্রী গ্রিলসের সঙ্গে রাফ্টিংয়ের জন্য তৈরি হচ্ছেন ৬৮ বছরের মোদি। গ্রিলস তাকে বলছেন, ‘‘আপনি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক। আমার কাজ আপনাকে রক্ষা করা।’’
টিজারটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক। বিরোধীরা অভিযোগ করেন, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ জন আধাসেনা নিহত হওয়ার দিনে শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদি।
ওই হামলার পরপরই কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ করেন, পুলওয়ামা ঘটনার সময় শুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাত দিন পর ২১ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনেও একই অভিযোগ তোলে কংগ্রেস।
সোমবার কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেন, ‘‘গত ১৪ ফেব্রুয়ারি বিকেল সোয়া পাঁচটায় একটি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তাতে তিনি পুলওয়ামার ঘটনার উল্লেখ করেননি। পাকিস্তানকে দেননি কোনো হুঁশিয়ারি।’’
তিওয়ারির দাবি, ‘‘পুলওয়ামার ঘটনার দু’ঘণ্টা পরেও কিছুই জানতেন না প্রধানমন্ত্রী। তারা যদি বলেন, প্রধানমন্ত্রী সেটা জানতেন, তা হলে দু’ঘণ্টা পরে কেন জনসভায় তার কোনো উল্লেখ করলেন না তিনি? এখন মনে হচ্ছে, ওই সময় উনি ছিলেন শুটিংয়েই। এখন চ্যানেল কর্তৃপক্ষই জানিয়ে দিক- কত সময় ধরে মোদি শুটিং করেছেন।’’
এমনও অভিযোগ করা হয়, গত পাঁচ বছরে উন্নয়নমূলক কাজের যুক্তি দিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ গাছ কাটার অনুমোদন দিয়েছে মোদি সরকার। মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেনের লাইন বসাতেও কাটা পড়তে চলেছে ৫৪ হাজার ম্যানগ্রোভ। অথচ ওই তথ্যচিত্রে গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব নিয়ে গম্ভীর আলোচনা করেছেন মোদি।
ডিসকভারি চ্যানেল আগেই জানায়, অনুষ্ঠানে পরিবেশ রক্ষা নিয়ে মানুষের সচেতন হওয়ার গুরুত্বের কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
