বেশ কয়েকদিন ধরে জোরালো গুঞ্জন, টিম ইন্ডিয়ায় বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে চলছে অন্তর্কোন্দল। তাদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে! এই গুঞ্জন ক্রমেই আরও জোরালো হচ্ছিল। কিন্তু কোহলি এমন জল্পনাকে থামিয়ে দিয়ে জানিয়েছেন, এসব মিথ্যে গুজব ছাড়া কিছুই নয়।
এক মাসের জন্য ভারত দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। যাওয়ার আগে এক সাংবাদিক সম্মেলনে বিরাট জানান, “এটা অনেক দিন ধরেই দেখছি আমি। ব্যক্তিগত জীবনকে টেনে আনা। এটা অত্যন্ত অসম্মানজনক। আমার আর রোহিতের মধ্যে কিছুই হয়নি।” কোহলি আরও বলেন, “আমরা মিথ্যেটাকে বিশ্বাস করি। কিন্তু সত্যিটাকে এড়িয়ে যাই। সমস্ত ভাল জিনিসের সামনে আমরা চোখ বন্ধ করে ফেলি। আমরা মাথার মধ্যে কল্পনাকে প্রাধান্য দিই আর ভেবে ফেলি এটাই সত্যি।”
রোহিতের সঙ্গে কোনও সমস্যা নেই একথা কোহলি জানানোর পরই একটি রহস্যময় টুইট করেছেন রোহিত। বুধবার করা ওই টুইটে রোহিত লিখেছেন, “আমি দলের জন্য খেলতে নামি না। আমি দেশের জন্য খেলি।” সেই সঙ্গে এই ওপেনিং ব্যাটসম্যান পোস্ট করেন তার ব্যাট করতে নামার একটি ছবি।
৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ভারত ক্যারিবিয়ানদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলবে। সব ফরম্যাটের জন্য অধিনায়ক থাকছেন বিরাট কোহলি। যদিও বিশ্বকাপে ব্যর্থতার পর নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল।
