সাবেক পুত্রবধূর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফজলুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগের দুটি বিয়ের তথ্য গোপন করে একই এলাকার জুহেলীমা আক্তার স্বর্ণা তার ছেলে ইমরান হাসানকে বিয়ে করে। পরে সে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে চলে যায় আমেরিকা। আগের বিয়ের তথ্য জানতে পেরে ইমরান তাকে তালাক দেয়। সম্প্রতি স্বর্ণা দেশে এসে সোনাকান্দা এলাকার বাসিন্দা জুয়েল, হিরা ও রাহাতকে মিথ্যা সাক্ষী বানিয়ে পরিবারের সবার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় তিনটি মামলা করে। ঢাকায় মামলা করার সময় জুরাইনের একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে।
তিনি বলেন, ঝর্ণা বন্দর এলাকার জনৈক ব্যবসায়ী কাজল ম-লের সহযোগিতায় তার পরিবারকে নানাভাবে হয়রানি করছে।
