মিরসরাই-সীতাকুন্ড সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১২:০৯ এএম

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুন্ড উপজেলার প্রায় ৭৫ হাজার গ্রাহক সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় সড়ক দুর্ঘটনার ফলে বিদ্যুতের খুঁটি ভেঙে গেলে এই সমস্যার সৃষ্টি হয়।

পল্লীবিদ্যুতের মিরসরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) দেশ রূপান্তরকে জানান, মিরসরাই উপজেলায় মোট ১ লাখ ১০ হাজার পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে। এর মধ্যে বারইয়ারহাট পল্লীবিদ্যুৎ অফিসের আওতায় ৫০ হাজার ও মিরসরাই অফিসের আওতায় ৬০ হাজার গ্রাহক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় একটি লরি সড়ক থেকে ছিটকে পল্লীবিদ্যুতের খুঁটিতে আঘাত করে গতকাল ভোর সাড়ে ৫টায়। ফলে বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে মিরসরাই অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

গত ৩০ জুলাই থেকে মিরসরাই থেকে বিদ্যুৎ যাচ্ছে সীতাকু-ে। কারণ সীতাকু- পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ বাড়বকু- পিডিবি কেন্দ্র থেকে বিদ্যুৎ পায়। সেখানে সার্কিট ব্রেকার নষ্ট হওয়ায় সীতাকুন্ডের প্রায় ১৫ হাজার গ্রাহককে মিরসরাই পল্লীবিদ্যুৎ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে মিরসরাইয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় দুই উপজেলার বৃহৎ অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। গতকাল সকাল থেকে নিরলস পরিশ্রম করে বেলা ৩টার দিকে আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হই।

চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী গোলাম আহাম্মদ সীতাকুন্ডের বাড়বকুন্ডে সার্কিট ব্রেকার নষ্ট হওয়ার বিষয়টি স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, গত তিন দিন আমরা মিরসরাই থেকে বিদ্যুৎ ব্যবহার করছি। ফলে আমরাও বিদ্যুৎহীন ছিলাম সাড়ে ৯ ঘণ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত