পৌরসভার জমি দাবি করে ঘরবাড়ি ভেঙে ফেলার প্রতিবাদ

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০১:০০ এএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ব্যক্তিমালিকানার জমি পৌরসভার দাবি করে ঘরবাড়ি ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবাসী।

গতকাল শনিবার দুপুরে বীরগঞ্জের হাটখোলা বাজার এলাকায় মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, উচ্চ আদালতে মামলা থাকা সত্ত্বেও কোনো প্রকার নোটিস না দিয়েই ঘরবাড়ি ভেঙে ফেলে পৌর কর্র্তৃপক্ষ।

মানববন্ধনে অংশগ্রহণ করেন জমির মালিক মোজাফফর রহমান, মোস্তাফিজুর রহমান ও তার বাবা সোলায়মান সরকার, মা মফিজা বেগম, দোকানদার আনসারুল ইসলামসহ এলাকাবাসী।

মোজাফফর রহমান বলেন, ১৯৯৮ সালে আবদুর রহমানের ছেলে মেহেদী হাসানের কাছ থেকে হাটখোলা এলাকার ১০ শতক জমি কেনেন তিনি। ওই জমিটি ২০০০ সালের এপ্রিল মাসে হাটের তালিকাভুক্ত করে প্রশাসন। কিন্তু কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এ ব্যাপারে উচ্চ আদালতে মামলা চলমান।

তিনি আরও অভিযোগ করেন, ‘বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল ঘরবাড়ি না ভাঙার জন্য এবং মীমাংসা করার কথা বলে ২০ লাখ টাকা চেয়েছিল। কিন্তু টাকা না দেওয়ার কারণে গত ৩১ জুলাই এসব ঘরবাড়ি ভেঙে ফেলা হয়।

এ ব্যাপারে কথা বলতে মেয়রকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন বলেন, হাটের জায়গার দোকানগুলো ভেঙেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত