কুষ্টিয়া ভেড়ামারা থানার মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুর ১২টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত লালন(৩৬) দৌলতপুর উপজেলার আলিনগর গ্রামের খবির মন্ডলের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ নভেম্বর রাত ৮টায় ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-দৌলতপুর সড়কের গোল্ডেন ইলেক্ট্রনিকস শো-রুমের সামনে দৌলতপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ৪৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ লালন নামের এই যুবককে আটক করে ভেড়ামারা থানা পুলিশ।
পরে উদ্ধারকৃত আলামতসহ লালনের বিরুদ্ধে এএসআই হামিদুর রহমান বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ:বি: ১৯এর ১, ৩(ক)২৫ ধারায় মামলা করে থানায় সোপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আসামি লালনের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জ গঠন পূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে ফেনসিডিল ব্যবসায় জড়িত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।
