ইরানের বন্দিদশা থেকে পালিয়ে বাঁচলেন যাবজ্জীবন আসামি

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৫:৫৫ পিএম

অনলাইনে ছবি আপলোডের সুবিধার্থে একটি প্রোগ্রাম বানিয়েছিলেন ইরান বংশোদ্ভূত কানাডীয় নাগরিক সাইদ মালেপুউর। তার সেই প্রোগ্রাম ব্যবহৃত হতো পার্সিয়ান ভাষার পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলোতে। এই অভিযোগে ইরান সরকার তাকে গ্রেপ্তার করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

বিবিসি জানায়, এগারো বছর কারাদণ্ড ভোগ করার পর কৌশলে পালিয়ে গেছেন সাইদ। ইরান ছেড়ে তৃতীয় দেশ হয়ে এখন তিনি কানাডায় পৌঁছেছেন।

শুক্রবার তার বোন একটি ভিডিও আপলোড করার পর নিশ্চিত হওয়া যায়, সাইদ ইরান ছেড়ে পালিয়েছেন এবং তিনি এখন কানাডায়।

এদিকে ইরানি আদালতের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি জানান, সাইদকে তিনদিনের জন্য মুক্তি দেওয়া হয়েছিল। দেশ ছেড়ে কোথায় না যাওয়ার শর্ত ছিল এর জন্য। কিন্তু শর্ত ভেঙে তিনি অবৈধভাবে দেশ ছেড়ে পালিয়েছেন।

মূলত জাতিসংঘের মানবাধিকার সংস্থার চাপের মুখে সাইদকে কয়েকদিনের জন্য ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ছুটি শেষে আবার কারাগারে ফেরত আসার কথা ছিল তার।

২০০৮ সালে বাবার সঙ্গে ইরানে গেলে এই প্রোগ্রামারকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে অভিযোগ আনায় ইরান সরকারের সমালোচনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত