পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক সংলগ্ন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে জাতীয়করণ করতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার জনস্বার্থে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আবেদনে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে জাতীয়করণে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না এ মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলেজের যাবতীয় ব্যয়ভার সরকারিভাবে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, ভূমি সচিব, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে ইউনুছ জানান, ব্রিটিশ আমলে ১৯২৬ সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলেও প্রায় ১০০ বছরের পুরনো এই মেডিকেল কলেজ হাসপাতালটি এখনো জাতীয়করণ হয়নি। এখানে ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। এর মধ্যে অর্ধেকই বিদেশি শিক্ষার্থী।
