এক মঞ্চে দুই শতাধিক গান প্রকাশ

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০৬:৪৭ পিএম

সারা বছর দেশের অডিও বাজার তুলনামূলক ঝিমিয়ে থাকলেও ঈদকে ঘিরে সেটা নতুনভাবে উজ্জীবিত হয়। আসন্ন কোরবানির ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না। দেশের প্রায় সব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রচুর সংখ্যক গান-অ্যালবাম প্রকাশ হচ্ছে। উদ্দেশ্য, শ্রোতাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়া।

ঈদ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন থাকে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের। তিন যুগ পাড়ি দেয়া এই প্রতিষ্ঠানটি এই ঈদেও প্রকাশ করেছে দুই শতাধিক গান। এই সবগুলো গানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ।

রাজধানীর বাংলা মটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয় জি সিরিজের ঈদ উৎসবের প্রকাশনা। এতে উপস্থিত ছিলেন দেশবরেণ্য গীতিকার ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, নন্দিত গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ, মিল্টন খন্দকার, গায়ক ও সংগীত পরিচালক এফ এ সুমন, সুরকার ও গায়ক বেলাল খান, শিল্পী কিশোর পলাশ, সাজু, সাদমান পাপ্পু, সমরজিৎ রায়-সহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিলেন প্রকাশিত অ্যালবাম তথা প্রকাশনাগুলোর সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীরা।

এবারের ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে প্রকাশিত হয়েছে তথ্যচিত্র ‘একজন আপেল মাহমুদ’। দেশ বরেণ্য সংগীতশিল্পী আপেল মাহমুদকে নিয়েই এটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই এই তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়।

প্রকাশনা অনুষ্ঠানে বরেণ্য গীতিকবি, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার বলেন, আমাকে প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়, সেটা হচ্ছে- কেন এখনকার গানগুলো জনপ্রিয় হয় না? দুঃখজনক হলেও সত্য, আজাকাল আমাদের দেশে এমন সব গান হচ্ছে, যেগুলোর কথা পর্যন্ত অশালীন। এসব বিষয়ে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। আমরা আধুনিকতাকে গ্রহণ করব, তবে সেটা নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়। নিজেদের সংস্কৃতি বজায় রেখে তবেই আমরা আধুনিকতার দিকে যাব। আর দেশের গান ও সংস্কৃতির জন্য জি সিরিজ বহু বছর ধরে কাজ করছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্কও অনেক পুরোনো। আমি সব সময় এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি।

জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ বলেন, জি সিরিজের এই ঈদ উৎসবে শামিল হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের গানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। জ্যেষ্ঠদের পাশাপাশি আমরা নবীন শিল্পীদের পৃষ্ঠপোষকতা করছি। আমাদের এই পথচলায় সবাইকে পাশে পেয়ে আমরা আনন্দিত।

বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার বলেন, জি সিরিজের অনুষ্ঠানে আসতে সব সময়ই ভালো লাগে। কারণ এখানে আসলে গীতিকার, সুরকার, শিল্পী সবার সঙ্গে দেখা হয়। আড্ডা হয়। যাদের নতুন গান প্রকাশ হচ্ছে এবার, সবার কাছে আমার একটাই অনুরোধ, গান করুন, সংস্কৃতি চর্চা করুন, তবে সেখানে যেন আমাদের বাংলাটা থাকে।

সংগীত তারকা তপু বলেন, এবার ঈদে জি সিরিজ থেকে আমারও একটি গান আসছে। আমি এই পরিবারেরই একজন সদস্য। তাই সব সময় জি সিরিজের সাফল্য কামনা করি। গায়ক ও সংগীত পরিচালক এফ এ সুমন বলেন, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। এবার ঈদে জি সিরিজ থেকে যাদের গান প্রকাশ হচ্ছে, সবার জন্য অনেক শুভকামনা। সবাই বাংলা গানের সঙ্গে থাকুন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী বেলাল খান বলেন, সবাই তো সব কথা বলে ফেলেছে। আমার আর বেশি কিছু বলার নেই। এই জি সিরিজ থেকেই আমার কেরিয়ারের প্রথম গান প্রকাশ হয়েছি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা আমার চিরদিনের। এই ঈদেও জি সিরিজ থেকে আমার কয়েকটি গান আসছে। সবাইকে গানগুলো শোনার আহ্বান জানাই।

এবারের ঈদ উপলক্ষে জি সিরিজ থেকে প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে- শাফিন আহমেদের ‘বাতাসে কার কণ্ঠ’, এফ এ সুমনের ‘তোর চোখেতে’, ‘বর্ণ চোরা’ ও ‘কে যাও রে মদিনার পথে’; শফি মণ্ডলের ‘যাব আমি বাগদাদে’, আশরাফ উদাসের ‘মন আমার দেহ ঘড়ি’, ইভার ‘তুমি চাইলে’, মাহি চৌধুরীর ‘আই লাভ ইউ’, ‘একাকিত্ব’ ও ‘তোমার কথা ভাবি’; এস রুহুলের ‘বিচ্ছেদ জ্বালা’, কাঞ্চন মণ্ডলের ‘নীতি কথা’, পূর্ণ মিলনের ‘নষ্ট জীবন’, বায়োজিদ শাহর ‘প্রেমের খেলা’, সজীব হাসানের ‘সুর সাধনা’, তারেক হামিমের ‘স্মৃতির পাহারা’, সুফি আসমার আলির ‘বিশ্ব পথে’।

আরও আছে- চন্দনা বিশ্বাসের ‘সুখেই আছি ভালোই আছি’, এ এইচ জীবনের ‘মানুষ’, ম্যাক্সেল রানার ‘সূর্য মুঠোয় ধরে’, মাখন লালের ‘তোর লাগি’, সত্যর ‘গান’, জিনিয়া জামানের ‘মনের আকাশ’, ঝিলিক বাবুর ‘ডাক দিয়াছেন’, বাউল ফারুকের ‘ভবঘুরে’। মেহেদী হাসান রিজভীর ‘আজও ভালোবাসি’, গালিব সাঁইয়ের ‘ও বাবা’, সিয়াম হোসেনের ‘ভিতর বলে’, সুসান আফজালের ‘নিস্তব্ধ ভালোবাসা’, অমিত করের ‘ধোঁয়া’, সুমন খান রানার ‘রঙ্গিলা’, লাকী আখন্দের ‘বারে বারে আমি’, এহসান রাহীর ‘দেখছি তোমায়’, জি এম আশরাফের ‘মাফ কইরা দেন’, জাহিনের ‘সুখ পাখি’, এস এম বাহারের ‘শূন্য খাঁচা’, অভি কিম্বলের ‘কে তোকে নজর লাগায়’, এস বিজয়ের ‘বিআরটিসি’, ‘বিধি আর একটিবার জনম’ ও ‘প্রেমের মানুষ; ওয়াসিম পাগলার ‘কর্মমতে ফুল’, স্বর্ণময়ী মণ্ডলের ‘ওগো কাঙাল’।

একইভাবে রয়েছে রাইসুল আকাশের ‘কেন এলে না’, কামরুজ্জামান রাব্বির ‘থাকতে নয়’, তাশফিক সারোয়ারের ‘দেয়াল’, রাজনের ‘আল্লাহ তোমারে ডরাই’, খায়েশ চৌধুরীর ‘চাইলে এনে দেবো’, হাবিব মোস্তফার ‘নিঠুর দরদিয়া’, তাহমিনা আফরিনের ‘মেঘ কান্না’, তানজিন মিথিলার ‘ছুঁয়ে দিলে হাত’, ওয়াদুদ শরিফের ‘মাটি দিয়া গড়াইয়া’, মনির হোসেনের ‘বাড়ির পাশে আরশিনগর’, আরিয়ান মাহমুদের ‘অকারণে’, আফরিনের ‘স্বপ্নদুয়ার’, অবনীর ‘বাদল দিনের প্রথম কদম ফুল’। আরো রয়েছে শাকিলের সিঙ্গেল ‘প্রেমের সাগর’, অপূর্ব অপুর ‘উজান গাঙের নাও’, ঐশীর ‘বেঈমান’, মিলনের ‘ও প্রিয়া’ ও ‘সত্যি করে বলো’; ইমন খানের ‘কষ্ট’, মুনিয়া মুনের ‘ঘুমাস কার বুকে’, এসকেবির ‘দিন ফুরাইলো’, জাহাঙ্গীর খানের ‘তুমি আইসো’, পূর্ণ মিলনের ‘নালিশ’ এবং তৌসিফ-রুমানার ‘ছুটি’। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের ‘আর্টসেল’ ও ব্ল্যাক’র ‘ধূসর’ নামেও দুটি বিশেষ গান প্রকাশ হয়েছে এবার। এই সবগুলো গান ঈদ উপলক্ষে জি সিরিজের ইউটিউব চ্যানেলে এক এক করে উন্মুক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত