মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র রাইয়ান সরকার ডেঙ্গুতে পৃথিবীর সব বন্ধন ছিন্ন করে চলে গেলেও তার ছোট বোন মালিহা সরকার বাসায় ফিরেছে সুস্থ হয়ে।
সোমবার তার বাবা মমিন সরকার ও মা জান্নাত আরা জাহান মালিহা বিনতে সরকারকে নিয়ে স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
শুক্রবার দুপুরে ১১ বছর ৭ মাস বয়সী ছেলে মো. রাইয়ান সরকার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তখন তাদের মেয়েও হাসপাতালে ভর্তি ছিল।
তবে মালিহা এখনো জানে না তার ভাই মারা গেছে। বারবার ভাইয়ের কাছে যেতে চাইছে সে। মেয়ের কথা চিন্তা করে এই দম্পতি নিজের বাসায় না গিয়ে মিরপুরে মালিহার মামার বাসায় যাচ্ছেন। পরে তাকে বুঝিয়ে বলা হবে ভাইয়ের মৃত্যুর কথা।
মালিহার বাবা জানান, তাদের মেয়ে খুব দুর্বল হয়ে গেছে, ভাইয়ের খবর শুনে তার প্রতিক্রিয়া কেমন হবে তাই নিয়েই পরিবারের সদস্যরা চিন্তিত।
মমিন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়েকে নিয়ে বাসায় ফেরার কথা জানান। তিনি মেয়ের জন্য সবাই দোয়া করেছেন বলে কৃতজ্ঞতা জানিয়েছেন। মৃত ছেলের জন্যও সবার কাছে দোয়া চেয়েছেন।
