তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিক কমল হাসানের মতে, জম্মু ও কাশ্মীরের থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যকে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা গণতন্ত্রকে হেনস্তার শামিল।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব করার সঙ্গে সঙ্গেই বিরোধীরা এর বিরুদ্ধে সোচ্চার হয়। গণতন্ত্রকে খুন করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘পশ্চাদ্গামী ও স্বৈরতন্ত্রী’ বলে কটাক্ষ করেছেন ‘হে রাম’-খ্যাত অভিনেতা।
তামিলনাড়ুর দল মাক্কাল নীধি মাইয়ামের প্রতিষ্ঠাতা কমল বলেছেন, “এটা অত্যন্ত পশ্চাদ্গামী ও স্বৈরতন্ত্রী। ৩৭০ ও ৩৫এ ধারার ভারতের সূচনা থেকে ছিল। যেকোনো বদলই সংঘবদ্ধভাবে করা উচিত।”
এই নিয়ে সবার সঙ্গে আলোচনায় যাওয়া উচিত ছিল- মনে করেন কমল।
তার অভিযোগ, বিরোধীদের সঙ্গে আলোচনা না-করে, সংসদে বিতর্ক না-করে নিজেদের মতোই সব সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
নয়া আইনে বাতিল হয় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা। এ ছাড়া স্থায়ী বাসিন্দা সংক্রান্ত ৩৫-এ ধারাও খারিজ করা হয়। এর ফলে বিধানসভা থাকলেও, কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে যায় জম্মু ও কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে লাদাখও। তবে সেখানে বিধানসভা থাকবে না।
এদিকে একাধিক বলিউড তারকা এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
