ঢাবি শিক্ষার্থীদের আর লাইন ধরে টাকা জমা দিতে হবে না

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১০:৩৭ পিএম

আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আর ব্যাংকের সামনে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করে টাকা জমা কিংবা ফরম পূরণ করতে হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক আসিফ হোসেন খান।

মঙ্গলবার 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল ও পাঠের বিষয়বস্তু ডিজিটালাইজেশন' বিষয়ক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। ইউএসএআইডি, ইউকেএইড-এর যৌথ অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর আয়োজনে ডাকসুর মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে বিশ্ববিদ্যালয়ের নবগঠিত আইসিটি সেলের পরিচালক আসিফ হোসেন খান বলেন, ‘শিক্ষার্থীদের যে দীর্ঘ লাইন ধরে ব্যাংকে টাকা জমা দিতে হয় ও ফরম পূরণের জন্য মাস্টার্সের শিক্ষার্থীরও লাইন ধরতে হয়, সেটা সেপ্টেম্বর মাস থেকে থাকবে না।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সবকিছুর জন্য কিছু সময় লাগে। সেই সময়টুকু আমাদের দিতে হবে। ডাকসু নির্বাচন কেন্দ্র করে শিক্ষার্থীদের ডেটা বেজ তৈরি করেছি। শিক্ষকদের তালিকাও তৈরি করা হয়েছে। সবকিছু একটা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কাজ অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য দীর্ঘদিন যাবৎ দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউকেএইড-এর বাংলাদেশ প্রধান কেটি ক্রোপ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী। এছাড়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস সাদ্দাম হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত