ফেসবুকে ছেয়ে গেছে একটি পোস্টার। পানিতে দাঁড়িয়ে আছেন একজন নারী। মাথা ন্যাড়া, গর্ভবতী। স্থিরচিত্রটি একটি সিনেমার পোস্টার। পোস্টারের ওপর লেখা ‘হার না মানা নদীর গল্প’। স্থিরচিত্রের রহস্য জানতে যোগাযোগ করা হয় পরিচালক রাশিদ পলাশের সঙ্গে।
দেশ রূপান্তরকে রাশিদ পলাশ বলেন, ‘স্থিরচিত্রটি আমার নতুন ছবি ‘পদ্মাপুরাণ’-এর। সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইচ্ছে আছে এ বছরের অক্টোবর মাসে ছবিটি মুক্তি দেব।’
কী আছে ছবিটিতে, কি দেখবে মানুষ? পরিচালক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার ধরন পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে প্রকৃতির রূপ-বৈচিত্রও। মানিক বন্দোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে পদ্মার যে রূপ দেওয়া আছে সেই রূপ এখন আর খুঁজে পাওয়া যায় না। আমরা মানিক বন্দোপাধ্যায়ের কুবের, মালা, কপিলাদের খুঁজার চেষ্টা করেছি এই সময়ের প্রেক্ষাপটে। সেই চরিত্রগুলো যদি এখনো বেঁচে থাকতেন তাহলে তাদের অবস্থান কি হতো। পেশায় বা কি হতো? এসবই তুলে ধরার চেষ্টা করেছি। বলতে পারেন পদ্মার পাড়ের মানুষের জীবন চিত্র তুলে ধরার চেষ্টা করেছি ‘পদ্মাপুরাণে। ’
‘পদ্মাপুরান’ সিনেমার প্রকাশিত স্থিরচিত্রের অন্তঃসত্ত্বা নারীটি সাদিয়া আফরিন মাহি। ছবিতে কপিলা চরিত্রে দেখা যাবে প্রসূন আজাদকে। শম্পা রেজা অভিনয় করছেন শিখণ্ডী (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের প্রধানের চরিত্রে। আর চম্পা অভিনয় করছেন একজন মাদক ব্যবসায়ীর ভূমিকায়। এ ছাড়া আরও আছেন সুমিত সেনগুপ্ত, জয়রাজ, কায়েস চৌধুরী, হেদায়েত নান্নু।
