বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা আলমকে সম্পদের বিবরণী দাখিল করতে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের স্বাক্ষর করা নোটিস প্রধান কার্যালয় থেকে পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করে বলেন, নোটিসে তাদের ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে।
দুদকের কাছে আমীর খসরুর বিরুদ্ধে অভিযোগ, ‘তিনি বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এসব অভিযোগ অনুসন্ধানে আমীর খসরুকে জিজ্ঞাসাবাদের জন্য গত বছর ২৮ আগস্ট প্রথম তলব করে দুদক। ওই সময় ঈদের ছুটির কারণে তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রস্তুতি নিতে না পারার কারণ দেখিয়ে দুদকে উপস্থিত হতে এক মাস সময় চেয়েছিলেন তিনি।
এর প্রেক্ষিতে তাকে সময় দিয়ে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তলব করেন অনুসন্ধান কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম।
