হবিগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১২:০৮ পিএম

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও নারীসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- বানিয়াচং উপজেলার পুরানবাগ এলাকার অটোরিকশা চালক মোকলেস মিয়া (২৮) ও হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার আফরোজ মিয়ার ছেলে শাকিল আহমেদ (২০)। শাকিল হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ থেকে বানিয়াচং যাচ্ছিল। পথে হবিগঞ্জমুখী ৮টি মোটরসাইকেলের একটি বহরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অন্তত আটজন আহত হন।

তাদেরকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক মোখলেসকে মৃত ঘোষণা করেন।

এছাড়া অজ্ঞাত এক নারীসহ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন শাকিল আহমেদ নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। বাকি আহতদের মধ্যে প্রান্ত (২০), আরমান (২০) ও অজ্ঞাত নারীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী ২জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত