দু-চার দিনের মধ্যে কার্যকর ওষুধ ঢাকায় আসবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো দরকার নেই।
বুধবার বেলা ১১টার দিকে মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, দু-চার দিনের মধ্যে মশক নিধনের কার্যকর ওষুধ ঢাকায় এসে পৌঁছাবে। তাই এই সময়ের মধ্যে দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো প্রয়োজন নেই।
এসময় তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় আমরা প্রথমে তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু এখন প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।
এছাড়া রাতে ও দিনে মশারি ব্যবহারের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মশার কারণে জীবন চলে যাচ্ছে তা মানা যায় না। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।
