মানুষের শখ বিচিত্র। শখের পেশায় সাফল্যের সম্ভাবনাও বেশি। শখের বশে কেউ কাপড় বুনে, কেউবা আল্পনা আকেঁ, অনেকে পশু-পাখি পালন আবার কেউ কেউ বাগানও তৈরি করেন। তেমনি শখের বশে বনসাই করলেও তা পেশা হিসেবে নেয়ার দৃষ্টান্ত বিরল।
বনসাই কি তা অনেকেই জানেন না। বনসাইয়ের ইতিহাস বহু পুরনো।
ধারণা করা হয়, প্রায় ২০০০ বছর পূর্বে চীনে এর শুরু। পরবর্তী সময়ে জাপানে বনসাই বিস্তৃতি লাভ করে। বনসাই শব্দটি জাপানি। বন শব্দের অর্থ ছোট পাত্র এবং সাই শব্দের অর্থ গাছ। অর্থাৎ বনসাই মানে ছোট পাত্রে গাছ। বনসাই মূলত ছোট পাত্রে বিশেষ পদ্ধতিতে লাগানো গাছ।
পটুয়াখালীর দুমকিতে সন্ধান মিলেছে এমন একজন বনসাইপ্রেমী যুবকের। তার নাম মো. তারিকুল ইসলাম। উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের তার বাড়ি। পিতার নাম মো. লুৎফুর রহমান। একাউন্টিংএ অনার্স করা তারিকুল শখের বশে বনসাই করে এখন তিনি এটাকে পেশা হিসেবে বেছে নিতে চান।
প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা পেলে বনসাইকে পরিপূর্ণরুপে সাজাতে বেশ আশাবাদী তিনি।
তারিকুল বলেন, বর্তমান কারিকুলামের শিক্ষাগত যোগ্যতার বিবেচনায় চাকরির সুযোগ খুবই কম। সে কারণে স্বাধীন বিকল্প পেশার বনসাই করতে চান তিনি।
তারিকুল জানান, ছাত্রজীবন থেকেই তিনি বনসাই পছন্দ করেন। তবে ইউটিউবে বনসাই দেখে পুরোপুরি প্রেমে পড়ে যান। সেখান থেকেই মনের ভেতর ইচ্ছা যোগান বনসাই করবেন। লেখাপড়া শেষে একটি বে-সরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। তবে কিছুদিন পরে চাকরি ছেরে বাড়িতে এসে বিভিন্ন জায়গায় ঘুরে চারা সংগ্রহ করে বাড়ির আঙিনায় মাত্র ১ শতক জমিতে বনসাই শুরু করেছেন।
তার বনসাই গ্যালারিতে রয়েছে- নিম, গাব, বেল, তেতুল, বকুল, ডালিম, কমলা, বহেরা, অর্জুন, জামরুল, করমচা, কদবেল, কামরাঙা, বট, নুডা বট, পাকুর বট, কাঠলি বট, গোলাপজাম, সাদা নয়নতারা, স্টার কুইন, বাগান বিলাস, ক্যাকটাস, পাতাবাহার, লাল জামরুল, চায়না কমলা, কাজু বাদাম, ডেউয়াসহ আরো অনেক গাছ।
বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী ও গবেষক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাহবুব রাব্বানী বলেন, বর্তমানে বনসাইয়ের অনেক কদর রয়েছে তবে বনসাই করে মনের শখ পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী বলেন, উপজেলায় এমন একজন বনসাইপ্রেমী আছেন শুনে খুব ভালো লাগছে। উপজেলা কৃষি বিভাগের পাশাপাশি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।
