বিরূপ আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় সিমেন্টের ক্লিংকারবাহী দুটি জাহাজ ডুবে গেছে। জাহাজের ক্রুদের সকলকে উদ্ধার করা যায়নি। নৌবাহিনীর জাহাজ দুর্জয়, শৈবাল, সুরভী ও সোয়াডস উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে।
বুধবার দুপুরের দিকে কুতুবদিয়ার অদূরে ঠেঙ্গারচরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ ডুবে যায় বলে নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ জানিয়েছে।
গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকারবোঝাই হয়ে জাহাজ দুটি নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ যাচ্ছিল।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজের তলা পেটে যায় এবং অপর একটি জাহাজের হ্যাজ ভেঙে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গারচর এলাকায় ডুবে যায়।
এসব জাহাজ দুটির প্রতিটিতে ১২ জন করে ক্রু থাকে। এমভি-টিটু-১৮ এর সকল ক্রুকে উদ্ধার করা হয়েছে। অপর লোকদের উদ্ধারে নৌবাহিনী কাজ করছে।
