বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৯:৩১ পিএম

নীলফামারীর ডিমলায় সিলিং ফ্যানের সুইচ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ধনীপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের দিলীপ ইসলাম (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪০)।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন শেখ জানান, দুপুরে নিজ বাড়ির শোয়ার ঘরের সিলিং ফ্যানের বৈদ্যুতিক সুইচ নষ্ট হওয়ায় সেটি মেরামত করছিলেন দিলীপ ইসলাম। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে আটকে গেলে তার পাশে থাকা স্ত্রী আছিয়া বেগম তাকে উদ্ধার করতে যান। এতে করে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়লে স্বামী-স্ত্রী  দুজনে সেখানে মারা যান।

দুপুর ১২টার দিকে  তাদের মেয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া রুবিনা স্কুল থেকে ফিরে বাবা মাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ধরতে যায়। এসময় সেও বিদ্যুতের ধাক্কা পায়। তার পায়ে জুতা থাকার কারণে সে প্রাণে বেঁচে যায়। পরে সে মেইন সুইচ বন্ধ করে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে দিলীপ-আছিয়া দম্পতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী জানায়, ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এবং অপর এক ছেলে ও এক মেয়ে স্কুলে যাওয়ায় ওই দম্পতি বাড়িতে একা থাকায় তাদের এমন মর্মান্তিক মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত