রাজধানীর ধানমন্ডি থেকে শাহবাগ পর্যন্ত এলাকায় ডেঙ্গুর উপদ্রব বেশি বলে জানা গেছে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) এর এক গবেষক ফেসবুকে এ তথ্য দিয়েছেন।
আতিক আহসান নামে ওই গবেষক জানান, ডেঙ্গু জ্বর আক্রান্ত ১৫৩ ব্যক্তির তথ্য নিয়ে তিনি এ মানচিত্র তৈরি করেছেন। যাতে লাল চিহ্নিত স্থানকে ডেঙ্গুর জন্য বেশি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়।
তবে ওই গবেষক জানান, এটা কোনো আনুষ্ঠানিক জরিপ নয়।
তিনি জানান, লাল চিহ্নিত স্থান মানে অধিকমাত্রায় ডেঙ্গুতে আক্রান্তের তথ্য পাওয়া গেছে। আর কোনো রং দেখা না গেলে বুঝতে হবে ওই এলাকা থেকে কোনো ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া যায়নি।
তার হিসেবে সবচেয়ে ডেঙ্গু আক্রান্ত এলাকা হলো ধানমন্ডি থেকে শাহবাগ পর্যন্ত অঞ্চল। যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও রয়েছে। এ ছাড়া বাড্ডা থেকে গুলশান-১ পর্যন্ত এলাকা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ডেঙ্গুতে আক্রান্তের তৃতীয় স্থানে আছে বসুন্ধরা আবাসিক এলাকা। এরপর রয়েছে উত্তরা।
