চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বুধবার বিকেলে চন্দনাইশের কমর আলী সিকদার বাড়ি এলাকায় বৈদ্যুতিক খুঁটির উপরে অবস্থান নেয় এক যুবক।
স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবক নোয়াখালীর সেনবাগ উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মো. নাছির উদ্দীন (২৭)।
স্থানীয়রা পুলিশে খবর দিলে স্থানীয় পুলিশ প্রশাসন ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে অভিযান চালিয়ে দীর্ঘ ১.৩০ মিনিট পর মসজিদের ইমাম সাহেবের আজানের সহযোগিতায় কৌশলে নাছিরকে নামাতে সক্ষম হয়।
নাছিরকে নামানোর জন্য ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজনসহ ইমাম সাহেব আজান দিলে নাছির আস্তে আস্তে নেমে আসে। নিচে নামার সাথে সে অজ্ঞান হয়ে পড়ে।
এ সময় তাকে দ্রুত চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। নাছিরের জ্ঞান ফিরলে সে তার পরিচয় দেয়।
এ সময় নাছিরের বাবা সিরাজুল ইসলাম জানান তার ছেলে কিছু দিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কয়েকদিন আগে বাড়ি থেকে নাছির পালিয়ে যায়।
