সরকারি কর্মকর্তাদের মাশরাফী

নড়াইলে চাকরি করতে হলে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১১:৩৪ পিএম

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং অনিয়ম ও দুর্নীতি বন্ধে নড়াইলের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠক চলাকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে খোলামেলা কথা বলেন মাশরাফী। ওই সময় তিনি সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ার করে বলেন, নড়াইলে চাকরি করতে হলে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। 

বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এমপি মাশরাফী  বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি ও সমস্যার কথা শোনেন। কয়েকটি দপ্তরের কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত দিয়ে মাশরাফী বলেনÑ ‘আপনারা কে কী কাজ করছেন, অনিয়ম ও দুর্নীতি করছেন, তার তথ্য আমার কাছে আছে। এমনকি ভিডিও আমার কাছে আছে। আপনাদের নড়াইলে কাজ করতে ভালো না লাগলে প্রয়োজনে অন্যত্র বদলি হয়ে যাবেন। কিন্তু নড়াইলে চাকরি করতে হলে অবশ্যই স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। কোনো কাজে অনিয়ম হলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকেই ধরবেন। আপনাদের কিছুই বলবেন না। আমি নড়াইলকে একটি বাসযোগ্য জেলা হিসেবে গড়তে চাই। এজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত