বেগমগঞ্জের বারইচতলে চাঞ্চল্যকর ফয়েজ হত্যাকাণ্ডের সপ্তাহ পরও কোনো ঘাতককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘাতকদের গ্রেপ্তারে পুলিশ কোনো অভিযান না চালানোয় হত্যাকারীরা প্রতিদিন বাদী ও তার পরিবারকে ধাওয়া করছে এবং হোন্ডা দিয়ে প্রকাশ্য মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
হত্যার শিকার ফয়েজের বাবা জামাল পাটওয়ারী জানান, ঘাতক নিজাম ওরফে দস্যু নিজাম ওরফে মাদক সম্রাট নিজাম ওরফে বাবা নিজাম তিনটি হোন্ডা নিয়ে প্রতিদিন তার বাড়ির পাশের রাস্তায় মহড়া দিচ্ছে। আর হুমকি দিচ্ছে বাদীর বেঁচে থাকা ছেলেদের হত্যা করবে বলে। সাদা পোশাকে থানার ক্যাশিয়ার ও ডিবির ক্যাশিয়ার এসে তার সঙ্গে দেখা করে যায়।
তিনি জানান, পুলিশ প্রতিদিন জবানবন্দির নামে তার পরিবার-পরিজনকে একবার থানায়, আরেকবার অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে ডেকে নিচ্ছে।
বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, আসামিদের গ্রেপ্তারে কয়েকবার রেইড দিয়েও পাওয়া যায়নি। নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
