পাবনার সাঁথিয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে পৌনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার রাতে দুদক পাবনা অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান বাদী হয়ে সাঁথিয়া থানায় এই মামলা দায়ের করেন।
এ ছাড়া একই সময়ে দুদক আরও ৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৫টি মামলা দায়ের করেছেন।
দুদক সূত্র জানায়, সাঁথিয়া পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য ১৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ হয়। এর মধ্যে বিভিন্ন সময় ঠিকাদারের বিল দেওয়ার নামে মেয়র ৫ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৯৮৪ টাকা উত্তোলন করে নিজ নামে রাখেন। পরে এর মধ্যে ৪ কোটি ৪৭ লাখ ৫ হাজার টাকা সংশ্লিষ্ট ঠিদাকাদারকে দেন। কিন্তু দুদক আইনের ৪০৯ এবং ৫(২) ধারা লঙ্ঘিত হওয়ায় মেয়রের বিরুদ্ধে মামলা করা হয়।
এ ছাড়া পাবনা যুব উন্নয়নের ক্রেডিট সুপার ভাইজার গোলাম সারওয়ার, ভাঙ্গুড়া খাদ্য গুমাদের ওসি এলএসডি পরিতোষ কুমার সরকার, ঈশ্বরদীর দরিনারিচা গ্রামের তৈয়ব আলী ও উল্লাপাড়া দলিল লেকক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বিরুদ্ধে দুদক বিভিন্ন থানায় আরও ৫টি মামলা দায়ের করেছে।
দুদক পাবনা অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান এ সব মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা করা হয়েছে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হতে পারে।
