খালি হাতে কাশ্মীর ছাড়ছে অন্য রাজ্যের শ্রমিকেরা

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০১:১৮ পিএম

কড়া নিরাপত্তার চাদরে মোড়া কাশ্মীর ছেড়ে পালাচ্ছে গরিব অভিবাসী শ্রমিকেরা। হিমালয়ের এই অঞ্চলে তারা এসেছিলেন উত্তর ও পূর্ব ভারতের প্রত্যন্ত গ্রাম থেকে।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, বুধবার শ্রমিকদের কেউ কেউ মজুরি না পাওয়া অভিযোগ তুলেছেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীগুলো সপ্তাহজুড়ে ভ্রমণে বিধিনিষেধ দিয়ে রেখেছে। এখন বলছে, চাকরি ছেড়ে চলে যেতে।

ভারতীয় সংবিধানে দেওয়া বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার আগে থেকেই অবরুদ্ধ হয়ে আছে কাশ্মীর। সোমবার এই ঘোষণা আসার পর নিরাপত্তা আরও কড়াকড়ি হয়। গৃহবন্দী হয়ে আছে অঞ্চলটির লাখ লাখ মানুষ।

বুধবার জম্মু ও কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুর রেলস্টেশনে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের ভিড় দেখা যায়। তারা উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের ট্রেনের অপেক্ষা করছিলেন। তাদের মাথা ও কাঁধে বিছানাপত্রসহ বোঁচকা দেখা যায়।

জগদীশ মাথুর নামের এক শ্রমিক জানান, মহাসড়ক ধরে অনেকক্ষণ হাঁটার পর অনেক মানুষ সেনাবাহিনীর ট্রাক ও বাসে চড়ে এখানে এসেছে। শ্রীনগর থেকে রেল স্টেশনটির দূরত্ব ২৬০ কিলোমিটার।  

তিনি আরও বলেন, “গত চার দিনে আমরা ঠিকমতো খেতে পারেনি।” সঙ্গে যোগ করেন, বিহারে নিজ গ্রামে ফিরে যাওয়ার জন্য টিকিট টাকার টাকাও নেই তার। বলেন, “সরকারের উচিত আমাদের সাহায্য করা।”

সুজিত সিং নামের এক সুতার মিস্ত্রি এনডি টিভিতে বলেন, নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মীর অবরুদ্ধ হওয়ায় বাড়ি ফিরে যাচ্ছেন তিনি।

প্রতি বছর কয়েক হাজার শ্রমিক ভারতের অন্য রাজ্য থেকে কাশ্মীরে যান কাজের সন্ধানে। তারা মূলত মিস্ত্রি ও কৃষি কাজের সঙ্গে যুক্ত।

রোববার কাশ্মীরে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, ক্যাবল চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। কড়াকড়ি আরোপের মধ্যেও সরকারের এ বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে মানুষ। জবাবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছে। হতাহতের খবরও পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত