নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে প্রধান কোচ হিসেবে বিবেচনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওদিকে তাকে নিয়ে আগ্রহ আছে ভারত এবং পাকিস্তানেরও।
নিউজিল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম স্টাফ জানিয়েছে, ভারতীয় বোর্ডের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন হেসন। তাকে পাওয়ার চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।
হেসন ইতিমধ্যে কোনো একটি দেশের সঙ্গে চূড়ান্ত আলাপ সেরে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমটি বলছে, হেসনের আবেদনের বিষয়টি ভালোভাবেই বিবেচনায় রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
শুক্রবার হেসনের বাংলাদেশে সাক্ষাৎকার দিতে আসার কথা। ঢাকা থেকে তিনি চলে যাবেন ভারতে। সামনের সপ্তায় সেখানে কথা বলবেন।
ভারতীয় কোচের দৌড়ে এগিয়ে আছেন বর্তমানের রবি শাস্ত্রীই। তাকে রেখে দিতে চান অধিনায়ক কোহলি। সংক্ষিপ্ত তালিকায় হেসন ছাড়া আরেকজন টম মুডি। হেসনের পূর্বসূরি জন রাইট ছিলেন ভারতের প্রথম বিদেশি কোচ।
হেসন কিউইদের কোচ হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেছেন। দলটিকে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান তিনি। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলে তার দল। ২০১৮ সালে টেস্ট র্যাঙ্কিংয়ে দলটিকে তিন নম্বরেও নিয়ে যান। ওই বছর জুনে পারিবারিক কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দেন।
