শিশু ধর্ষণ-খুনের ৪৮ দিনের মধ্যেই সাজা, দোষীর মৃত্যুদণ্ড

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১২:৩১ এএম

ধর্ষণ মামলায় দ্রুত সাজা ঘোষণা করে দৃষ্টান্ত স্থাপন করল ভারতের তেলেঙ্গানার ওয়ারঙ্গল জেলার ফাস্ট ট্র্যাক আদালত।

ঘটনার ঠিক ৪৮ দিনের মাথায়, বৃহস্পতিবার দ্রুত বিচার আদালতের বিচারক মামলার রায় ঘোষণা করেন। ধর্ষক আটাশের ওই যুবককে বিচারক মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন। 

অতিরিক্ত বিচারক জয়া কুমারের কাছে নিজের দোষ স্বীকার করে ওয়ারঙ্গলের হানামকোন্দা শহরের বাসিন্দা কলিপাকা প্রবীণ। ন'মাসের শিশুকে ধর্ষণের পর খুন করেছে কলিপাকা।



বিচারক ঘটনার ৪৮ দিনের মধ্যে এই মামলার শুনানি শেষ করে, বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। মামলায় ৩০ জনের সাক্ষ্য নেওয়া হয়। 

মামলার বিবরণে জানা যায়, শিশুধর্ষণের ঘটনাটি ঘটেছিল ১৯ জুন ভোররাতে, হানামকোন্দার টেলরস স্ট্রিটে। বাড়ির বারান্দায় মা-বাবার পাশে ঘুমিয়েছিল নয় মাসের ওই শিশুকন্যা। সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল প্রবীণ। নিরিবিলি জায়াগায় বাচ্চাটিকে ধর্ষণের পর, শ্বাসরোধ করে সে খুন করে। সেই অবস্থায় পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল। কিন্তু, স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে যায়। তারাই পিটিয়ে, পুলিশের হাতে তুলে দেয় ধর্ষককে।

ওয়ারঙ্গলের পুলিশ সুপার ভি রবিন্দর জানান, এই মামলার দ্রুত রায়দান, তদন্তকারী পুলিশ অফিসারদের কাছে বড় স্বস্তির। তারা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। ২১ দিনের মধ্যেই আদালতে চার্জশিট দেওয়া সম্ভব হয়েছিল। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত