বিশ্বকাপে সেমি-ফাইনাল থেকে দলের বিদায়ের পর ক্রিকেট থেকে মাস দুয়েকের জন্য বিশ্রাম নিয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে সময় কাটাচ্ছেন সেনাবাহিনীর সঙ্গে। এখন রয়েছেন উত্তপ্ত কাশ্মীরে। বারামুলা সেক্টরে যেতেই অন্যরকম অভিজ্ঞতার সামনে পড়তে হল তাকে। সেনার পোশাকে ধোনিকে দেখেই চটে যান কাশ্মীরের কিছু মানুষ। তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান তোলেন কাশ্মীরবাসী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিও। ধোনিকে পেয়ে বিন্দুমাত্র উচ্ছ্বাস প্রকাশ করেননি বারামুলার একাংশ। ঘটনার আকস্মিকতায় খানিকটা অপ্রস্তুতই হয়ে পড়েন ধোনি। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ধোনি। ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়কের প্রতি কাশ্মীরি জমগণের একাংশের এমন আচরণ অনেকেই মেনে নিতে পারছেন না।
ভিডিওটি পুরনো বলেও দাবি করেছেন অনেকে। সন্দেহবাদীদের দাবি, ধোনিকে উদ্দেশ্যে করে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান দেওয়া হয়েছিল ঠিকই। তবে তা ২০১৭ সালের নভেম্বরে। উত্তর কাশ্মীরে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচ সেনার অতিথি ছিলেন ‘কর্নেল’ ধোনি। তারকা ক্রিকেটারকে দেখতে চেয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙতে যান কয়েক জন কাশ্মীরি যুবক। তবে নিরাপত্তা বাহিনী তাদের সরিয়ে দেয়। সে সময়ই ভারতীয় ক্রিকেট তারকাকে দেখে শাহিদ আফ্রিদির নামে স্লোগান দেন তারা। এটি সেই সময়ের ভিডিও বলেই মনে করা হচ্ছে।
ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদের ফলে লাদাখ, জম্মু ও কাশ্মীর বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা পেয়ে আসছিল গত সোমবার সেই ৩৭০ ধারা বাতিল করে নরেন্দ্র মোদীর সরকার। পাশাপাশি রাজ্যটিকে কেন্দ্রের শাসনের আওতায় আনতে পার্লামেন্টে বিলও তোলা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে লাদাখ। আসন্ন স্বাধীনতা দিবসে একটু অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকবে সেই লাদাখ। কারণ এবার সেখানে ভারতীয় পতাকা উত্তোলনের কথা রয়েছে ধোনির।
