কত-না রূপে দেখা মেলে নায়ক-নায়িকাদের। সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীও হাজির হলেন ভিন্নরূপে। চিরচেনা প্রেমিকার রূপ পাল্টে তিনি হাজির হয়েছেন বিপ্লবী হিসেবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিবাদ করে চলেছেন সকল প্রকার অন্যায়ের।
৯ আগস্ট, শুক্রবার সন্ধ্যায় বুবলীকে পাওয়া গেল এমনই বিপ্লবীরূপে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির একটি গানে এমনই বিপ্লবী হিসেবে দেখা গেল বুবলীকে।
গানে গানে দৃপ্ত কণ্ঠে বুবলী বললেন, ‘এ খাঁচা ভাঙতে হবে’। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গীতিকার শফিক তুহিনের কথা-সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন লেমিস। আর জাকির হোসেন রাজুর নির্দেশনায় এতে ঠোঁট মিলিয়েছেন শবনম বুবলী।
জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। গল্প প্রধান এ ছবিটি মুক্তি পাবে ঈদুল আজহায়।
শাকিব- বুবলী ছাড়াও ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মিশা সওদাগর, সাবেরী আলম, ডন, মাসুম বাশার, নাজিবা বাশার, সাদেক বাচ্চু প্রমুখ। দেশ-বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে প্রায় দেড় শ’ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে ১২ আগস্ট।
