জ্বালানি নিরাপত্তা দিবস পালন গ্যাসের অবৈধ ব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১২:৫৫ এএম

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) প্রধান কার্যালয়ে গতকাল শুক্রবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নির্দেশনামতে ১৯৭৫ সালের ৯ আগস্ট তৎকালীন বিদেশি কোম্পানি শেলওয়েলের মালিকানাধীন দেশের পাঁচটি বৃহৎ গ্যাসক্ষেত্রÑ তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাশটিলা ও বাখরাবাদ বাংলাদেশ সরকার মাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং বা ১৭.৮৬ কোটি টাকা অর্থাৎ নামমাত্র মূল্যে কিনে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করে। এখান থেকেই মূলত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ভিত্তি রচিত হয়। বঙ্গবন্ধুর এই বিচক্ষণ সিদ্ধান্তের ফলে প্রায় চার যুগেরও বেশি সময় ধরে এই গ্যাস ক্ষেত্রগুলো সারা দেশে শুধু জ্বালানি সরবরাহ করেনি, দেশের জ্বালানি নিরাপত্তা অর্জনেও অবদান রেখেছে।

বক্তারা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি নিরাপত্তার স্বার্থে প্রাকৃতিক গ্যাসের অবৈধ ব্যবহার ও অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী শাহীনুর ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ কোম্পানির মহাব্যবস্থাপক আবদুল মুমিন, মহাব্যবস্থাপক (নির্মাণ) শোয়েব আহমদ মতিন, ব্যবস্থাপক তৌফিকুল আহসান চৌধুরী ও সহকারী ব্যবস্থাপক হামিদ হোসেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত