হবিগঞ্জে সরকারি চাল আটকের ঘটনায় ঠিকাদার হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। গতকাল শুক্রবার এ বিষয়ে সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্তে আটক ২ হাজার বস্তার মধ্যে ৮৮০ বস্তা চাল ভিজিএফের বলে প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চাল পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান শায়েস্তাগঞ্জ খাদ্যগুদাম থেকে মাধবপুরে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু তিনি তা মাধবপুরে না নিয়ে হবিগঞ্জ শহরে নিজের গুদামে নিয়ে আসেন। সেখানে ট্রাক থেকে নামানোর সময় গত বুধবার রাতে এসব চাল আটক করা হয়।
