ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
শনিবার লন্ডন স্টেডিয়ামের এই ম্যাচে ভিডিও সহকারী রেফারি প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফুটবল বিশ্বের শীর্ষস্থানীয় এই লিগে প্রযুক্তি রেফারির প্রচলন শুরু হয়েছে এই মৌসুমে। লিভারপুল-নরউইচ ম্যাচে এর কোনো ভূমিকা ছিল না। শনিবার একদম কেন্দ্রীয় ভূমিকায় দেখা গেল।
এদিন ম্যাচের ২৫তম মিনিটে দলকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল জেসুস। ডান প্রান্ত দিয়ে কাইল ওয়াকারের ক্রসে ছোট ডি-বক্সের ভেতর থেকে ফ্লিক করে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের ফরোয়ার্ড।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। স্টার্লিং দ্বিতীয়ার্ধের ৫১, ৭৫ এবং ৯১ মিনিটে তিনটি গোল করেন। অন্য গোলটি আসে পেনাল্টি থেকে। স্কোরশিটে নাম লেখান আগুয়েরো।
ম্যাচে ৫৭ শতাংশ সময় বল দখলে রাখে পেপ গার্দিওয়ালার দল। গোলমুখে শট ছিল ১৪টি।
