মাস দুয়েকের জন্য ক্রিকেট থেকে দূরে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ব্যস্ত সময় কাটাচ্ছে সেনাবাহিনীর সঙ্গে। থাকবেন ১৫ অগাস্ট পর্যন্ত। ওইদিন লাদাখে জাতীয় পতাকা উত্তোলনের পর ফিরবেন। তবে বাড়ি ফেরার পর তার জন্য অপেক্ষা করছে নতুন উপহার। ইনস্টাগ্রামে সেই উপহারের ছবি পোস্ট করলেন ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। সঙ্গে বার্তা- “মিসিং ইউ মাহি!”
৩৮ বছর বয়সী ক্রিকেটারের জন্য বাড়িতে অপেক্ষা করছে একটি জিপ গ্র্যান্ড চেরোকি। ‘রেড বিস্ট’ নামে পরিচিত গাড়ির ঝলক দেখা যাচ্ছে সাক্ষী ধোনির পোস্টে।
গ্র্যান্ড চেরোকির আগে ফেরারি ৫৯৯ জিটিও, হামার এইচ২, জিএমসি সিয়েরার মত ফোর-হুইলার রয়েছে ধোনির কালেকশনে। সেখানে নয়া সদস্য হিসেবে গ্র্যান্ড চেরোকির উপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের গ্যারাজের জৌলুস বেড়ে যাবে অনেকটাই।
১৫ অগাস্ট পর্যন্ত শ্রীনগরে ১০৬ নম্বর টেরিটোরিয়াল আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে কাটাবেন ধোনি। গত এক সপ্তাহে সেনা কর্মীদের সঙ্গে কখনও ভলিবল খেলতে দেখা গিয়েছে তারকা এ ক্রিকেটারকে। আবার কখনও গান গেয়ে সেনা সহকর্মীদের মাতিয়ে রেখেছেন ২০১১ বিশ্বজয়ী অধিনায়ক।
আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে সদ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করা লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করার কথাও রয়েছে ধোনির।
