গাছের সঙ্গে পিকনিকের বাসের ধাক্কায় নিহত ৬

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৯:২২ এএম

ফেনীতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পিকনিকের বাসের ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটানা ঘটে।

পুলিশ ও আহতরা জানায়, ঈদের ছুটিতে কক্সবাজারে পিকনিকের উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী প্রাইম প্লাস পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৫৭৮) বাসটি মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলে ৬ জন নিহত ও আরও ২০ জন গুরুতর আহত হয়। নিহতদের মরদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল রাখা হয়েছে। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাসের সকল যাত্রী রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ফেনী ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটেয়ারী বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ও আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার এসআই মো. কাওসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের কারো নামপরিচয় শনাক্ত করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত