নগরীতে বিষাক্ত মদ্যপানের পর তিন যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়। এর মধ্যে বিশ্বজিৎ মল্লিক (২৮) ও শাওন মজুমদার (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং মিল্টন গোমেজ (৩২) একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এ ছাড়া উজ্জ্বল বণিক নামে আরেকজন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির মালিপাড়া এলাকার বাসিন্দা।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ দেশ রূপান্তরকে বলেন, বুধবার রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে চারজনকে ১৬ নম্বরে ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে দুজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। অন্য দুজন সকালে মারা যান।
আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, চারজনই নিয়মিত মদ্যপান করতেন। উজ্জ্বল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সবাই একসঙ্গে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে মৃত্যুর কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
