বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের কমতি নেই

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১১:২৭ পিএম

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। গতকাল শুক্রবার সেই আনন্দ আরও বাড়িয়ে দিতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় গড়ে ওঠা থিম পার্কগুলোতে ভিড় জমিয়েছেন বিনোদনপ্রেমীরা।

সরেজমিনে দেখা যায়, কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ, মিনি চিড়িয়াখানা, নীলা বিথী শুটিং স্পট, আশুলিয়ার জামগড়ায় কনকর্ড গ্রুপের থিমপার্ক ফ্যান্টাসি কিংডম, হেরিটেজ পার্ক ও নন্দন পার্ক। ঈদের পর পার্কগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি কম থাকলেও শুক্রবারের বিকেলে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমুদ্রের কৃত্রিম ঢেউ আর কনসার্টের তালে তালে নিজেদের শরীর ও মনকে দুলিয়ে নিতে ব্যস্ত ওয়াটার ওয়ার্ল্ডের দর্শনার্থীরা। কেউ আবার ভেসে যাওয়া মেঘের সঙ্গে লুকোচুরি আর হাওয়ার দোলা খেতে চড়ছেন কেব্ল কারে কেউবা রেলগাড়ির দোলা আর ঘোড়ায় চড়ার ঝাঁকুনি উপভোগ করতে উঠছেন ক্যাটার পিলারে। আবার কেউ চড়ছেন মুন রেকার, ওয়াটার কোস্টার, টিল্ট-এ হেয়োল, প্যাডেল বোট, বাম্পার কার, ডিপ সøাইডে, রক ক্লাইম্বিং, ঘুরন্ত ঘূর্ণি, অদ্ভুতুম গাড়িতে। অনেকে উপভোগ করছেন নেট-এ-বল, মিউজিকাল ফাউন্টেললে কেউ আবার ডিসকো ল্যান্ডে গিয়ে রহস্যময় আলো-আঁধারির জগতে মিউজিক আর গানের তালে হারিয়ে যাচ্ছেন ডিসকোর দেশে।

ফ্যান্টাসি কিংডমে পরিবার নিয়ে ঘুরতে আসা বেসরকারি চাকরিজীবী ইসহাক মিয়া বলেন, ‘ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি। সাধারণত ঈদের পরের কয়েক দিন আত্মীয়-স্বজনের বাসায় যেতে হয় এবং বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেশি থাকে; তাই একটু দেরিতে ঘুরতে আসা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত