ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রিকেই বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে বিরাট কোহলিদের চাওয়াই পূর্ণতা পেল। বিশ্বকাপে সফল না হলেও কোহলির সঙ্গে শাস্ত্রির রসায়নটা দারুণ। তাই আরও একবার এই জুটির ওপর আস্থা রাখা হলো। দ্বিতীয় মেয়াদে দুই বছরের জন্য দায়িত্বে বহাল থাকলেন শাস্ত্রি। তার চুক্তিটা এখন ভারতে অনুষ্ঠিতব্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
শুক্রবার সংক্ষিপ্ত তালিকার কোচদের সঙ্গে সাক্ষাৎকার করেছে সাবেক বিশ্বকাপজয়ী কপিল দেবের নেতৃত্বে তিন সদস্যের ক্রিকেট পরামর্শক কমিটি। ছোট্ট তালিকায় শেষ পর্যন্ত শাস্ত্রির সঙ্গে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান টম মুডি ও নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। শাস্ত্রি ভারত দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে। শাস্ত্রির ইন্টারভিউ হয় এদিন বিকেল ৫টায়। মুডি ও হেসনের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার হয় বোর্ড অফিসে। পরে মুম্বাইতে এক সংবাদ সম্মেলন করে শাস্ত্রিকেই বহাল রাখার সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে চতুর্থ মেয়াদে ভারত দলের সঙ্গে যুক্ত হলেন সাবেক ভারতীয় ক্রিকেটার। এর আগে ২০০৭ সালে বাংলাদেশ সফরে দলের ম্যানেজার ছিলেন। পরে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত দলের পরিচালক ছিলেন রবি শাস্ত্রি। এরপর ২০১৭ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত কোচ।
নতুন কোচের নাম ঘোষণার সংবাদ সম্মেলনে কপিল দেব জানান, ‘সংক্ষিপ্ত তালিকায় থাকা তিন কোচের উপস্থাপন আমাদের ভালো লেগেছে। তাই আমাদের তালিকায় এক নম্বরে শাস্ত্রি, দুইয়ে হেসন ও তিনে ছিলেন মুডি।’
