বিজে ওয়াটলিং ও উইলিয়াম সমারভিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে গল টেস্টে শ্রীলঙ্কাকে লড়াকু সংগ্রহ ছুড়ে দিতে পেরেছে নিউজিল্যান্ড।
গল টেস্ট জিততে হলে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে করতে হবে ২৬৮ রান।
সাত উইকেটে ১৯৫ রান নিয়ে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান ওয়াটলিং ও সমারভিল আজ আরো ২৯ রান যোগ করেন। শনিবারই অর্ধশতক হাঁকানো ওয়াটলিং ৭৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে ফিরলে ভাঙে ৪৬ রানের জুটি।
এরপর শেষ দুই ব্যাটসম্যানকে সাথে নিয়ে সমারভিল আরো ৫৯ রান যোগ করলে ২৮৫ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে দ্বিতীয় ইনিংসে তাদের লিড গিয়ে দাঁড়ায় ২৬৭ রান। সমারভিল ৪০ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে লাসিথ এম্বুলদেনিয়া চারটি উইকেট নেন। তিন উইকেট নেন ধনাঞ্জয়া ডি সিলভা। লাহিরু কুমারা নেন দুই উইকেট।
