ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা ২৮।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে হাসপাতালের আইসিইউ'তে মৃত্যু হয় মনোয়ারা বেগমের। তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চমকপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
সাইফুল জানান, ১৩ আগস্ট মনোয়ারাকে কিশোরগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর আইসিইউ'তে রাখা হয়। সেখানে শনিবার সকাল পৌনে ১১টায় মনোয়ারার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনোয়ারার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢামেক হাসপাতালে ১১৮ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ৬৫৮ জন ডেঙ্গু রোগী এখানে চিকিৎসা নিচ্ছে।
