মাদারীপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আঁখি আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। আঁখি আক্তার একই এলাকার আলতাব ব্যাপারীর মেয়ে এবং সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ৩টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে প্রতিদিনের মত গোসল করতে যায় আঁখি আক্তার। আঁখির সাথে এ সময় আরো কয়েকজন তরুণী ছিল। পুকুরের পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায় আঁখি। পুকুরে গোসল করতে থাকা অন্য তরুণীরা আঁখিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে।
পরে স্থানীয় কয়েকজন চেষ্টা চালিয়ে পুকুরের তলদেশ থেকে আঁখিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।
আঁখির চাচাতো ভাই আবু তালেব বলেন, ‘আঁখি পানিতে ডুবে যাওয়ার কথা শুনেই পুকুরে ডুব দিই। পুকুরের তলদেশ থেকে অজ্ঞান অবস্থায় আঁখিকে উদ্ধার করা হয়। আঁখি তখন বেঁচে ছিল। কিন্তু জ্ঞান না থাকায় আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখান থেকে ফরিদপুর নিয়ে গিয়েও বোনকে বাঁচাতে পারলাম না।’
শিবচর থানার কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘একজন কিশোরী পানিতে ডুবে গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়া হলে ওই কিশোরী মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
