মালয়েশিয়ায় পিকআপ ভ্যান থেকে পড়ে ওয়াসিম মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বুধবার এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে।
নিহতের স্বজনরা জানান, গত বুধবার কাজে যাওয়ার সময় পিকআপ ভ্যান থেকে পড়ে আহত হন ওয়াসিম। তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। তার এক ছেলে রয়েছে।
ওয়াসিমের বাবা মির্জাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজু মিয়া জানান, তার ছেলে পেনাং শহরে থাকতেন। শনিবার তিনি ছেলের মৃত্যুর খবর পেয়েছেন। সব আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল কিংবা মঙ্গলবার তার মরদেহ দেশে আসতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ওয়াসিমের মৃত্যুর সংবাদে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
