‘জমির বিরোধে’ ২ বছরের শিশুকে গলা কেটে হত্যা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১১:২১ পিএম

জেলার অষ্টগ্রামে ওয়াসিম মিয়া নামে দুই বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ডালারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তারা সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে। নিহত ওয়াসিম ওই গ্রামের আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে।

অষ্টগ্রাম থানার ওসি মো. শরীফুল ইসলাম বলেন, সকালে ঘরে শিশুটিকে ঘুমে রেখে তার বাবা-মা কাজে বেরিয়ে যান। পরে খাবার খেতে এসে তার গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। তিনি বলেন, বাড়ির পাশের জমি নিয়ে শিশুটির বাবার সঙ্গে একই গ্রামের আবদুর রাজ্জাকের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। তার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আবদুর রাজ্জাক, আলকাছ মিয়া, সাইফুল, সৃজন ও কাউস নামে পাঁচজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত