ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করার দাবি উঠেছে। ১৯৬৯ সালে জেএনইউ প্রতিষ্ঠিত হয়েছিল।
দিল্লির বিজেপি সাংসদ হংস রাজ হংস এ দাবি তোলেন। ওই বিশ্ববিদ্যালয়ে গিয়েই তিনি এমন দাবি তোলেন।
ভারতের সংবিধানের ৩৭০ ধারার আওতায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে বলতে গিয়ে পাঞ্জাবি এই গায়ক বলেছেন জেএনইউয়ের নাম এমএনইউ করা হোক।
তিনি বলেন, প্রার্থনা করো সবাই শান্তিতে থাকুক। আমাদের পূর্বপূরুষরা অনেক ভুল করে গেছে, আমরা তার ফল ভুগছি। আমি বলছি এর নাম এমএনইউ করে দেওয়া হোক। মোদির নামেও কিছু জিনিস হোক।
৫ অগাস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। সরকার একই সঙ্গে ওই রাজ্যকে জম্মু-কাশ্মীর ও লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়ার প্রস্তাব নিয়ে আসে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বাধীনতা দিবসের ভাষণে এর মাধ্যমে এক দেশ এক সংবিধান বাস্তবায়িত হয়েছে বলে জানান।
তিনি দাবি করেন ভারত এর জন্য গর্বিত।
শনিবার জম্মু কাশ্মীর সরকার উপত্যকার বেশ কিছু অংশে নিষেধাজ্ঞা শিথিল করেছে। বেশ কিছু জায়গায় ল্যান্ডলাইন পরিষেবা সচলও হয়েছে। তবে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই উপত্যকা জুড়ে বিক্ষোভ শুরু হয়।
খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
