বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে এসে নিখোঁজ রয়েছেন মিনহাজ হোসেন। তাকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন বাবা-মাও স্বজনরা।
রবিবার দুপুরে যশোর শহরের সুহৃদ সমাবেশের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানউজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নিখোঁজ মিনহাজের বাবা মো. বেলায়েত হোসেন ফেরদৌস, মা রানু বেগম।
এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মিনহাজের বাবা বলেন, চলতি বছর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মিনহাজ হোসেন। পরীক্ষার পর মিনহাজ বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ঢাকার একটি কোচিং সেন্টারের ফার্মগেট শাখায় ১১ জুন তারিখে ভর্তি হয়। ঢাকার পূর্ব রাজাবার তিন বন্ধুসহ একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে কোচিং করে আসছিল সে।
তিনি জানান, ১৬ জুলাই মিনহাজের মোবাইলে কয়েকবার ফোন দিলেও সে রিসিভ করছিল না। তখন আমাদের একই এলাকার বাসিন্দা, বর্তমানে ঢাকায় অবস্থানরত শুভর মাকে (ঢাকার অভিভাবক) ফোন দিই। তিনি জানান, মিনহাজ সকালে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারপর থেকে মিনহাজকে আমরা আর খুঁজে পাচ্ছি না।
মিনহাজের বাবা বলেন, এ বিষয়ে আমি ঢাকা শেরেবাংলা থানায় ও ফরিদপুর কোতয়ালী থানায় দুটি জিডি করেছি। কিন্তু এখন পর্যন্ত আমি আমার ছেলেকে খুঁজে পাইনি। আমি আমার সন্তানকে ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।