চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়কের মাঝখানে পাঁচ-ছয় বছরের এক ফুটফুটে ছেলে পড়ে আছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন। বিষয়টি নজরে পড়ে ওই পথে আসা মেয়র আ জ ম নাছির উদ্দীনের।
লালখান বাজার ইস্পাহানি মোড়ে রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দ্রুত গাড়ি থেকে নেমে শিশুটিকে উদ্ধার করে সড়কের পাশে নিয়ে আসেন মেয়র নাছির উদ্দীন।
মেয়রের সঙ্গে থাকা যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মান্নান ফেরদৌস বলেন, মেয়র টাইগার পাসের অস্থায়ী সিটি করপোরেশন অফিস থেকে বের হয়ে মুরাদপুরের দিকে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার মাঝখানে একটি শিশুকে দেখে চালককে গাড়ি থামাতে বলে নিজে নেমে শিশুটিকে নিয়ে রাস্তা পার হন।
এ সময় ছুটে আসেন ছেলেটির বাবাও। তিনি আবেগাপ্লুত কণ্ঠে মেয়রকে জানান, প্রাইভেট কার পার্কিং করার সময় ছেলে গাড়ির দরজা খুলে সড়কে নেমে পড়ে।
মেয়র সন্তানকে চোখে চোখে রাখার জন্য অনুরোধ জানান। ছেলেটিকে বাবা মেয়রকে কৃতজ্ঞতা জানান।
মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানবতা বোধ থেকেই শিশুটির জীবন বাঁচানোর চেষ্টা করেছি। আল্লাহর অশেষ রহমত ছিলো, তাই সফল হয়েছি।
