আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের এই সূচী সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ক্যাম্পের জন্য ৩৫জন ক্রিকেটারকে ডাকা হলেও সোমবার প্রথম দিন উপস্থিত ছিলেন ২২ জন। লঙ্কান ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্ত্বাবধানে কন্ডিশনিং ক্যাম্প শুরু করে বাংলাদেশ দল।
জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও এই ক্যাম্পে ডাক পেয়েছেন অনেক তরুণ খেলোয়াড়। যদিও তরুণদের বেশিরভাগই ক্যাম্পে যোগ দিতে পারেননি। সফররত শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের স্কোয়াডে আছেন তরুণদের বড় অংশ। কন্ডিশনিং ক্যাম্পেও রয়েছে তাদের নাম।
জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তার মাকে নিয়ে হজ্ব করতে গিয়েছিলেন। সেখানে যাবার আগে স্ত্রী আর কন্যাকে যুক্তরাষ্ট্রে রেখে আসেন। এখন তিনি ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন সাকিব। ক্যাম্পে নেই আগেই ছুটিতে যাওয়া ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।
এদিকে, টেস্ট আর টি-টোয়েন্টি না খেললেও টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ক্যাম্পের প্রথমদিনই যোগ দিয়েছেন। তার আপাতত কোনো খেলা নেই। জিম্বাবুয়ের বিপক্ষে যদি ওয়ানডে সিরিজ আয়োজন করা যায়, তবে সেটি হতে পারে টাইগার অধিনায়কের বিদায়ী সিরিজ। তবে এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি নড়াইল এক্সপ্রেস। চোট কাটিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘বিপ টেস্ট’ আর ফিটনেস ট্রেনিং শুরু হয় সকাল সাড়ে আটটায়। চলে দুপুর সাড়ে এগারটা পর্যন্ত। ক্যাম্প চলবে টানা চারদিন বৃহস্পতিবার পর্যন্ত।
