তুলে নেওয়ায় ক্ষেপে গেলেন আগুয়েরো!

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৬:১৭ পিএম

শনিবার ম্যানচেস্টার সিটি-টটেনহ্যাম ম্যাচের ৬৬ মিনিট। ওই সময় সার্জিও আগুয়েরোকে তুলে নেন পেপ গার্দিওলা। হয়তো কোচের সিদ্ধান্ত একদমই পছন্দ হয়নি আগুয়েরোর। তাই মাঠ থেকে বেরিয়ে সাইডলাইনেই গার্দিওলার সঙ্গে তর্ক জুড়ে দিলেন।

তার আগে গোলও করেন আগুয়েরো। প্রথমার্ধে দলের হয়ে করা দ্বিতীয় গোলটি ছিল তার। ইতিহাদ স্টেডিয়ামে আগুয়েরোর যা ৯৭তম গোল। নির্দিষ্ট কোনো ভেন্যুতে সর্বোচ্চ গোলের রেকর্ডে তার উপরে কেবল দুজন। ওয়েন রুনি (১০১) ও থিয়েরি ওরি (১১৪)।

কিন্তু গোল করার পরও গার্দিওলা তাকে তুলে নেওয়াতেই কি ক্ষেপে গেলেন আগুয়েরো? ম্যাচ শেষে গার্দিওলা জানালেন ব্যাপারটা অন্য। আসলে ভুল বুঝেছিলেন আগুয়েরো।

প্রথমে এগিয়ে যাওয়ার পর ২৩ মিনিটে গোল হজম করে সিটি। আগুয়েরো ভেবেছিলেন এরিক লামেলার ওই গোলে তার ভুল ধরে নিয়ে গার্দিওলা তাকে তুলে নিয়েছেন। মাঠ থেকে বেরোনোর সময় এটাই জিজ্ঞেস করছিলেন আর্জেন্টিনা তারকা।

কিন্তু গার্দিওলা তাকে বুঝিয়ে বলেন- এজন্য নয়। ম্যাচ পরিকল্পনায় বদল আনাতেই স্ট্রাইকারকে তুলে এনেছেন সিটি কোচ। টিভি স্ক্রিনে উঠে আসা সেই বাগ্‌বিতণ্ডা নিয়ে তাই আর কোনো গুজব ছড়ায়নি।

সিটি ও টটেনহ্যামের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত