রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে সোমবারে এক আমেরিকা প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে গুলশান থানা-পুলিশ। নিহতের নাম তাসকিয়া নোহাস ফারিয়া (২৮)। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ফারিয়ার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদীয়া গ্রামে। বাবার নাম মৃত ফরিদুল ইসলাম। ফারিয়া থাকতেন নিকেতনের ৮ নম্বর সড়কের ই-ব্লকের ৩২ নম্বর বাড়ির তৃতীয় তলায়।
ফারিয়ার ভাই মো. ফারহান ইসলাম জানান, চলতি বছরেই আমেরিকা প্রবাসী সৈয়দ ফারমান রেজার সঙ্গে বিয়ে হয় ফারিয়ার। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। সোমবারও মোবাইল ফোনে স্বামীর সঙ্গে ঝগড়া হয় ফরিয়ার। এরপর বেলা ১টার দিকে তার নিজের কক্ষেই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ফারিয়া। পরে পুলিশ গিয়ে ফারিয়ার মৃতদেহ উদ্ধার করে।
গুলশান এসআই মো. শামীম হোসেন জানান, বেলা ২টার দিকে নিকেতনে ওই বাসা থেকে ফারিয়া নামে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
শামীম আরও বলেন, কোনো কাজের মেয়েকে হত্যার পর লাশ ওই বাড়িতে রেখে দিয়েছে এমন সন্দেহের ভিত্তিতে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে করে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যেও উত্তেজনা দেখা দেয়। পরে জানা যায়, নিহত নারী কাজের মেয়ে নয় গৃহবধূ। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
