গীতিকার গৌরীপ্রসন্নের নামে সংগ্রহশালা গড়ার দাবি

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১১:১৮ পিএম

‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’সহ বহু কালজয়ী গানের রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদারের পাবনার পৈতৃক ভিটার শেষচিহ্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে। জেলার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্ম নেওয়া এই গীতিকবির স্মৃতি রক্ষায় পৈতৃক ভিটায় সংগ্রহশালা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আজ এই গীতিকারের ৩৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৬ সালের ২০ আগস্ট কলকাতায় মারা যান তিনি। দেশভাগের পর ১৯৬৫ সালে সপরিবারে তারা ওপার বাংলায় চলে যান।

গৌরীপ্রসন্নের পৈতৃক বাড়িটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্মৃতিচিহ্ন বলতে টিকে আছে পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি তালগাছ আর একটি ঘাটবাঁধানো পুকুর। মূল বাড়ির ধ্বংসাবশেষে এখন জঙ্গল আর ময়লার স্তূপ।

ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৭৪-৭৫ সালে গোপালনগর মৌজায় মজুমদার এস্টেটের ৩৩ একর জমি সরকার অধিগ্রহণ করে সেখানে হাসপাতাল প্রতিষ্ঠা করে। গোপালনগর গ্রামের বাসিন্দা ও গৌরীপ্রসন্ন মজুমদারের প্রতিবেশী বাবলু লাহিড়ী জানান, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে শেষবারের মতো পৈতৃক ভিটায় আসেন তিনি। ভারতে চলে যাওয়ার সময় গোপালনগরে তাদের বিশাল উঠোনসহ তিনতলা বাড়ি ছিল। আশির দশকে কিছু স্মৃতিচিহ্ন থাকলেও এখন কিছুই নেই। ফলে নতুন প্রজন্ম জানে না বিখ্যাত এই মানুষটির জন্ম গোপালনগরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত