টাঙ্গাইলের মির্জাপুরের সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মা ফিলিং স্টেশনের মালিক মো. ইব্রাহিম মিয়া।
অভিযুক্ত জাহাঙ্গীর দৈনিক ইনকিলাব ও একটি অনলাইন পোর্টালের মির্জাপুর প্রতিনিধি।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম মিয়া বলেন, ‘জাহাঙ্গীর সাংবাদিক পরিচয় দিয়ে আমার জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ও আমার ফিলিং স্টেশন নিয়ে প্রতিবেদন প্রকাশ করার ভয় দেখিয়ে আমার কাছ থেকে ২ কোটি ৭ লাখ টাকা নগদ ও চেকের মাধ্যমে হাতিয়ে নেয়। এ ছাড়া আরও টাকা হাতিয়ে নিতে নানা ভয়ভীতি দেখায়।’ ইব্রাহিম আরও বলেন, ‘জাহাঙ্গীরের নানামুখী অত্যাচারের বিষয়ে আমি ২০১২ সাল থেকে সালিস ও মামলা করেও কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছি।’
জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর বলেন, ‘ইব্রাহিম মিয়া আমার প্রতিবেশী। তার সিএনজি পাম্পের সঙ্গে আমার জমি আছে। সেটা নেওয়ার জন্য একাধিক মামলাসহ নানা পাঁয়তারা করছেন।’
